সাভারে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। ধসে পড়া রানা প্লাজার সামনে গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ১১ মাস হতে চলল এখনো আমরা উপযুক্ত ক্ষতিপূরণ পাইনি। আগামী মাসের মধ্যে ক্ষতিপূরণ দেয়া না হলে হরতাল-অবরোধের মাধ্যমে রাস্তাঘাট বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা।
রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কেএম মিন্টু বলেন, গত ১১ মাস ধরে আমরা আমাদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন-সংগ্রাম-মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করে আসছি। কয়েকবার বিজিএমইএ ভবনে গিয়েছি কিন্তু তারা আমাদের ক্ষতিপূরণ বিষয়ে কথা বলতে রাজি হননি। ভবন ধসের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শ্রমিক পরিবারের সদস্যরা বর্তমানে অনাহারে অর্ধাহারে এবং বিনা চিকিত্সায় মানবেতর জীবন যাপন করছে। সরকার কিংবা বিজিএমইএ আমাদের পাশে না দাঁড়িয়ে পুলিশ দিয়ে আমাদের লাঠিপেটা করেছে।
পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা স্লোগান দেয়, ‘এতো টাকা এল গেল, আমাদের টাকা কোথায় গেল।’ সমাবেশে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কেএম মিন্টুসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
