মুশফিক সাকিবে সহজ জয় বাংলাদেশের

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:৫৬
টানা পরাজয়ের গ্লানি, মাঠের ভিতরে ও বাইরে খেলোয়াড়ের শরীরি ভাষা নিয়ে ব্যাপক গুঞ্জরন; শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকে এশিয়া কাপ পর্যন্ত এই ছিল বাংলাদেশ দলের নিয়মিত চিত্র। দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভরসা ছিল দুটি প্রস্তুতি মূলক টি-টোয়েন্টি ম্যাচ। দুটিতেই জিতে দারুণ ভাবেই উের গেল পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল শুক্রবারটা ছিল সব দিক থেকেই বাংলাদেশের। তাতে স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আইরিশরা। হেরেছে ৪৪ রানে। আগামীকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে এ জয়টি ইতিবাচকতা বয়ে আনবে বলেই মনে করছে বাংলাদেশ শিবির। বাংলাদেশের দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক মুহূর্তের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি আয়ারল্যান্ড। ২০০৯ সালের বিশ্বকাপের আইরিশদের কাছে হারের কথা মনে ছিল বলেই কি না তখনও জয়ের আকাশ পরিষ্কার হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত অবশ্য কোন ‘অঘটন’ ঘটাতে পারেনি উইলিয়াম পোটারফিল্ডের দল। স্পিনারদের ঘূর্ণি আর পেসারদের তান্ডবে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে আইরিশরা তুলতে পারলো মাত্র ১৩৫ রান। পেসার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সোহাগ গাজি, আব্দুর রাজ্জাক, আল আমিন ও মাহমুদুল্লা রিয়াদ। আইরিশদের হয়ে ওপেনার পোটারফিল্ড সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া স্টুয়ার্ট থমসন করেন ৩৫ রান। মুশফিকদের শুরুটা ছিল বেশ ধীরগতির। দুই প্রান্ত থেকেই স্পিন দিয়ে শুরু করা আয়ারল্যান্ডের সামনে প্রথম দুই ওভারে দুই ওপেনার মিলে রান তুললেন মোটে ছয়। তৃতীয় ওভারে দলীয় ৯ রানের মাথায় আউট হয়ে গেলেন ওপেনার এনামুল হক বিজয় (৬ বলে ৩)। সেখান থেকে শুরু হল বাংলাদেশের লড়াই। তামিম ইকবাল এসে প্রথমে সাব্বির রুম্মনের সাথে জুটি বাঁধেন। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। নবম ওভারের প্রথম বলে তামিম ইকবাল ২৯ বলে ৩২ রান করে জর্জ ডকরেলের বলে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ তুলে দেন। তখনও বাংলাদেশের বিপদ কাটেনি। কারণ, টি-টোয়েন্টির বিবেচনায় ওভার প্রতি ছয় রান তুলে আর যাই হোক বড় স্কোর করার স্বপ্ন দেখা যায় না। বিপদ আরও বাড়ালেন সাব্বির। তামিম আউট হয়ে যাবার ঠিক এক ওভার বাদেই ২৩ বলে ২৩ রান করে আউট হয়ে গেলেন সম্প্রতি সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান। তিন উইকেট হারিয়ে বাংলাদেশের রান তখন ৬৩। অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান হাল ধরেন এ বিপর্যয়ের সময়েই। একটু দেখে শুনেই শুরু করেন দুই ব্যাটসম্যান। কিন্তু উইকেটে সেট হবার পরই রীতিমতো আগুন ঝরে উভয়ের ব্যাট থেকে। প্রায় দশ ওভার ক্রীজে থেকে দুজনে যোগ করেন ১১৬ রান। শুধু শেষ ওভারেই উঠে আসে ১৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে বাংলাদেশ দল। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুজনই। মুশফিক ৩০ বলে করেন ৫৯ রান। অধিনায়কের ইনিংসে ছিল দুটি ছক্কা ও আটটি চার। অপরদিকে সাকিব ৩২ বলে করেন ৫৮। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা। আইরিশ বোলারদের হয়ে তিনটি উইকেট পান পল স্টার্লিং, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রস্তুতি ম্যাচ টস: বাংলাদেশ বাংলাদেশ: ২০ ওভারে ১৭৯/৩ (মুশফিক ৫৯*, সাকিব ৫৮*, তামিম ৩২, সাব্বির ২৩; স্টার্লিং ১/১৮, ম্যাকব্রাইন ১/২২, ডকরেল ১/২৯) আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৭ (পোটারফিল্ড ৪৪, থমসন ৩৫; মাশরাফি ২/২৮, সাকিব ১৩/২, রাজ্জাক ১/৩০ সোহাগ ১/২৪) ফল: বাংলাদেশ ৪৪ রানে জয়ী।