নেপালকে হারালো আরব আমিরাত

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:৫৭
প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এবার সেই দলটিই কষ্ট করে জিতলো নেপালের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল ম্যাচে তাদের জয়টি এসেছে ছয় উইকেটে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া আরব আমিরাত শুরুতে অবশ্য ধস নামিয়েছিল নেপালের ব্যাটিং লাইন আপের। নির্ধারিত ২০ ওভারে অল আউট হবার আগে নেপাল মাত্র ৯৫ রান করতে পারে। ওপেনার সুভাস খাকুরেল সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া অধিনায়ক পরশ খাদকা ২৭ ও বসন্ত রেগমি ১০ রান করেন। আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শরিফ আসাদুল্লাহ। এছাড়া কামরান শাজাদ নেন দুটি উইকেট। অধিনায়ক খুররম খান এদিন মোট সাতজন বোলার ব্যবহার করেন। বাকি পাঁচজনের প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট। জবাবে আট ওভারে মাত্র ৩৪ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আরব আমিরাত। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তায় তাদের বিপদ কেটে যায়। নির্ধারিত ২০ ওভারের সাত বল বাকি থাকতে তাদের জয় নিশ্চিত হয়। আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৩৩ রান আসে সপ্নীল পাতিলের ব্যাট থেকে। এছাড়া শাইমান আনোয়ার ৩০ ও অধিনায়ক খুররম খান ১৫ রান করেন। প্রথম বারের মতো বড় কোন টুর্নামেন্টে খেলতে আসা নেপালের হয়ে একটি করে উইকেট নেন পরশ খাদকা, সোম্পাল কামি, শক্তি গৌচান ও বসন্ত রেগমি। সংক্ষিপ্ত স্কোর:টস: সংযুক্ত আরব আমিরাত নেপাল: ২০ ওভারে ৯৫ অল আউট (সুভাষ ২৮, পরশ ২৭; শরিফ ৩/১৫, কামরান ২/১৯)। সংযুক্ত আরব আমিরাত: ১৮.৫ ওভারে ৯৯/৪ (সপ্নীল পাতিল ৩৩, আনোয়ার ৩০; পরশ ১/২৬, শক্তি ১/১৭, বসন্ত ১/২১)। ফল: সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে জয়ী।