আত্মবিশ্বাস জাগানো এক জুটি

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:৫৭
‘শেষ দুই-তিন ওভারে আমরা অনেক রান দিয়ে ফেলেছি। সাকিব আর মুশফিক অনেক ভাল ক্রিকেট খেলেছে। আমাদের বোলারদের শেষের দিকে বোলিংটা ভাল হয়নি।’ নয় ওভার পাঁচ বলে ১১৬ রান। সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিমের ‘অতিমানবীয়’ জুটিতে বাংলাদেশ তিন উইকেটে স্কোরবোর্ডে তুললো ১৭৯ রান। আর দিন শেষে জয়ী দলের নাম বাংলাদেশ। সব মিলিয়ে ৫৯ বলের ওই জুটিই মসৃণ করেছে বাংলাদেশের জয়ের পথ। তাই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা সাব্বির রুম্মানের কথাতেও উঠে আসলো ওই জুটির প্রসঙ্গ। সাব্বির রুম্মান বলেন, ‘আসলে আন্তর্জাতিক ক্রিকেটে কোন ম্যাচই সহজ নয়। টি-টোয়েন্টিতে যেকোন দলই যেকোন সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আজকে (শুক্রবার) সাকিব আর মুশফিক ভাল খেলেছে। বলা যায় ওদের ব্যাটেই জিতেছি আমরা।’ আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ডও পরাজয়ের কারণ হিসেবে সাকিব মুশফিকের জুটিকেই সবচাইতে এগিয়ে রাখেন, ‘সাকিব আর মুশফিক দারুণ ব্যাট করেছে। ওদের জুটিতেই ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে গেছে। ওদের দুজনের ব্যাটিং থেকে আশা করি আমার দলের ব্যাটসম্যানরা শিক্ষা নেবে।’ বাংলাদেশের চেয়ে শক্তিমত্তার বিবেচনায় এগিয়ে না থাকলেও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আয়ারল্যান্ড মুশফিক বাহিনীর ঠিক উপরেই অবস্থান করছে । সে কারণেই কি না ম্যাচ শেষে হতাশা ঝরে পড়লো পোটারফিল্ডের কণ্ঠে, ‘ম্যাচটা আমাদের জন্য হতাশার এক স্মৃতি হয়েই থাকবে। ৫০ রানের কাছাকাছি ব্যবধানে টি-টোয়েন্টি ম্যাচে হার বাজে পারফরম্যান্সের প্রতীক। সেই অর্থে আজকে আমরা বাজে পারফরম করেছি। বাংলাদেশ নিজের মাঠে খেলছে। পরিচিত কন্ডিশন তাদের পক্ষে ছিল। কিন্তু এটাকে আমরা অজুহাত হিসেবে দেখাচ্ছি না। আমাদের বিশ্বকাপে ভাল করতে হলে পারফরম্যান্স আরও ভাল করতে হবে। আমরা এই ম্যাচটি থেকে এমনটাই শিখতে পেরেছি।’ দুই স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু করা আইরিশরা প্রথমদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে বেশ ভালই বল করে যাচ্ছিল। কিন্তু সাকিব আর মুশফিক দৃশ্যপটে আসার পরই বদলে গেল ম্যাচের গতিবিধি। এখানেই আয়ারল্যান্ড পিছিয়ে পড়েছে বলে মনে করছেন আইরিশ অধিনায়ক, ‘শেষ দুই-তিন ওভারে আমরা অনেক রান দিয়ে ফেলেছি। সাকিব আর মুশফিক অনেক ভাল ক্রিকেট খেলেছে। আমাদের বোলারদের শেষের দিকে বোলিংটা ভাল হয়নি।’ ব্যাটিং করতে নেমেও কোন সময়ই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি আয়ারল্যান্ড। এজন্য নিয়মিত বিরতিতে উইকেট হারানোকেই দায়ী করলেন পোটারফিল্ড, ‘আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। বড় কোন জুটি গড়া হয়নি। এখানেই ম্যাচটা হেরে গেছি আমরা।’ অন্যদিকে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে ছিলেন সাব্বির রুম্মান। দ্বিতীয়টিতে মাঠেও নেমেছিলেন তিনি। এরপর খেললেন গতকাল শুক্রবার। ২৩ রান করা এই ব্যাটসম্যান দুটি প্রস্তুতি ম্যাচে জয়কে বাংলাদেশের জন্য ইতিবাচক বলেই মানছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক দিন ধরে বাংলাদেশ হারছিল। অবশেষে দুটি অনুশীলন ম্যাচ দিয়ে আবারও আমরা জয়ের ধারায় ফিরলাম। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আত্মবিশ্বাস আমাদের কাজে দিবে।’ বাংলাদেশ আদৌ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কি না সেই পরীক্ষা হবে আগামীকাল রবিবার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।