গত কয়েক মাস জিম্বাবুয়ের ক্রিকেটকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে। বলা যায়, ক্রিকেট ভবিষ্যত্ই প্রায় অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গিয়েছিল আফ্রিকান এই দেশটির। তবে সেইসব সমস্যা এখন শুধুই অতীত কাহিনী। সব বিতর্কের অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমত্কার প্রস্তুতি নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরের দল। সবকিছু ছাপিয়ে এখন তারা আসন্ন বিশ্বকাপে নিদেনপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়াকে প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছে। অধিনায়ক ব্রেন্ডন টেলর জানালেন, এমন প্রত্যাশা নিয়েই তারা এবার বাংলাদেশের মাটিতে পা রেখেছেন।
গত বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হংকংয়ের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। তবে গতকাল শুক্রবার আফগানিস্তানকে ধরাশায়ী করে হারানো মনোবল ফিরে পেয়েছে ব্রেন্ডন টেলরের দল। এই জয়কেই দ্বিতীয় রাউন্ডে ওঠার বড় অনুপ্রেরণা ভাবছেন দলটির অধিনায়ক।
গতকাল শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, গত কয়েক মাস আমাদের অনেক যন্ত্রণাকর অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে হয়েছে। তবে সব কিছুই এখন অতীত। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দারুণভাবে তৈরি হয়ে এসেছি আমরা। প্রথম রাউন্ডের বাধাটা যে কোনোভাবেই হোক পার হতে চাই। এ ক্ষেত্রে আয়ারল্যান্ডকে পথের কাঁটা বলে মনে করছেন টেলর। তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের কয়েকজন খেলোয়াড় কাউন্টিতে খেলেন। ওদের হেলাফেলা করার কোনো কারণ দেখছি না। আর টি-টোয়েন্টি ম্যাচতো খুবই অনিশ্চয়তায় ভরা একটি খেলা। তাই এ নিয়ে আগাম কিছু বলা উচিত হবে না।
