বাংলাদেশ মাঠে নামছে কাল

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:১৫
দেশজুড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের যে ডামাঢোল বাজছে, তার মধ্যেই আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান কাপ হকির বাছাই পর্ব। বাংলাদেশের জাতীয় দল দুটির জন্যই উভয় টুর্নামেন্টের কিছু মিল আছে। কেননা ক্রিকেট এবং হকির দুটো দলকেই আসর দুটিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে চূড়ান্ত পর্বে ওঠার জন্য। আগামী সেপ্টেম্বরে কোরিয়ার ইনচিয়নে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকি। তাতে খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশসহ আটটি দেশ ঢাকার এই বাছাই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ উদ্বোধনী দিনে খেলবে ‘এ’ গ্রুপের দল ওমান ও চাইনীজ তাইপে এবং কাতার ও শ্রীলংকা। বাছাই পর্ব থেকে ছয়টি দেশ চূড়ান্ত পর্বে উঠবে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে আজ বেলা দুটায় ওমান ও চাইনীজ তাইপে এবং বিকাল ৪টায় শ্রীলংকা ও কাতার মুখোমুখি হবে। বাংলাদেশের অভিযান শুরু হবে আগামীকাল রবিবার বিকাল চারটায় হংকং চায়নার বিরুদ্ধে। হংকং চায়নার সাথে বাংলাদেশের রেকর্ড খুব বেশি ভালো না। এশিয়ান গেমস হকির বাছাইয়ের গত আসরে বাংলাদেশ ২-২ গোলে ড্র করেছিল। এবারও সেই দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিকদের খেলাগুলো হলো ১৬ মার্চ হংকং, ১৮ মার্চ সিঙ্গাপুর এবং ২০ মার্চ ইরানের বিরুদ্ধে। ‘এ’ গ্রুপের অপর খেলাগুলো হলো ১৭ মার্চ ওমান-শ্রীলংকা, চাইনীজ তাইপে-কাতার, ১৯ মার্চ চাইনীজ তাইপে-শ্রীলংকা, ওমান-কাতার। বাংলাদেশ স্বাগতিক হিসেবে এই টুর্নামেন্টে ফেভারিট। বাংলাদেশকে সামনে রেখেই অন্যান্য দল লড়াইয়ে নামার কথা বলছে। সিঙ্গাপুরের দক্ষিণ আফ্রিকান কোচ সোলায়মান ক্যাসরি বাংলাদেশকে ফেভারিট মনে করছেন। সিঙ্গাপুর দলের বেশিরভাগ খেলোয়াড় ছাত্র। পার্ট টাইম চাকরি করেন। কেউ ফার্স্ট ফুডের দোকানে। আবার কেউ ডেলিভারীম্যান সিঙ্গাপুর জাতীয় দলে খেলছেন। কিন্তু কোনো বেতন নেই তাদের জন্য। বাংলাদেশের হকি সস্পর্কে জানেন এই কোচ। মরুভূমির দেশ কাতার খেলছে বাছাই হকিতে। সেখানে হকির চর্চা খুব বেশি নেই। যে কারণে ১৮ জন নিয়ে আসতে পারেনি। ১৩ খেলোয়াড় এসেছে। এর মধ্যে ১ জন চোটগ্রস্ত। এই দলটা দুই মাস প্রস্তুতি নিয়েছে। দোহা থেকে আল রিয়ান, দুই ঘন্টার পথ। প্রতিদিন দুই ঘন্টা পথ ভ্রমণ করে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। সবাই স্কুল-কলেজের ছাত্র। মিশরীয় কোচ মাগেদ আবু তালেব জানান, গত দুই বছর ধরে কাতারে তৃণমূল পর্যায়ে হকির উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছেন। সারাদেশ থেকে ৬০০ খেলোয়াড় বাছাই করে সেখান থেকে ১২৭ জনকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে কাতারের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। কারণ টুর্নামেন্ট সবার জন্য উন্মুক্ত। লক্ষ্য না থাকলেও মিশরীয় কোচ ছোট-খাটো হুংকার দিয়ে বলেছেন মাঠে প্রমাণ হবে। এদিকে বাংলাদেশ জাতীয় হকি দল গতকাল এক অনুশীলন ম্যাচে হকি ফেডারেশন একাদশকে ৬-০ গোলে পরাজিত করে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এ একাদশ। জাতীয় দলের পক্ষে মইনুল ইসলাম কৌশিক ২টি গোল করেন। এছাড়া ১টি করে গোল দেন রুম্মান আলী সরকার, হাসান জুবায়ের নিলয়, মনিরুজ্জামান রকি ও অধিনায়ক মামুনুর রহমান চয়ন।