এশিয়া কাপে কুঁচকিতে আঘাত পাওয়া পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেছেন, আগামী সপ্তাহে বাংলাদেশে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথাসময়েই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন। গত সপ্তাহে বাংলাদেশে শেষ হওয়া এশিয়া কাপ ওয়ানডে টুর্নামেন্টে কুঁচকিতে আঘাত পান আফ্রিদি। ইনজুরির কারণে শুক্রবার পুরো দলের সঙ্গে না এসে সোমবার বাংলাদেশে আসবেন তিনি। ৩৪ বছর বয়সী আফ্রিদি সাংবাদিকদের বলেন, ‘বেশ ভালভাবেই আমি সুস্থ হয়ে উঠছি এবং অন্তত একটি অনুশীলন ম্যাচ খেলতে পারব বলে আশা করছি।’
এদিকে আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। আর ১৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় অনুশীলন ম্যাচ। প্রথম ম্যাচে আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান। ক্রিকেটে আগ্রাসী ব্যাটসম্যানদের মধ্যে একজন আফ্রিদি শেষ ওভারে পর পর দুই ছক্কা মেরে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছেন।
ফাইনালে শ্রীলংকার কাছে পরাজিত হওয়ার আগে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য কঠিন ৩২৭ রানের লক্ষ্যে ২৫ বলে ৫৯ রান করে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন।
তবে আফ্রিদি বলেন, ভারতের বিপক্ষে পাওয়া জয়ের কথা এখনো মাঝে মাঝেই উঁকি দেয় তার মনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভারতের বিপক্ষেই ঢাকাতে ২১ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
তবে এশিয়া কাপের ঐ ম্যাচ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের মধ্যে অনেক পার্থক্য থাকবে বলেই মনে করছেন ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক। আর মূল পার্থক্যটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি। সতর্ক আফ্রিদি বলেন, ‘ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলকে হারাতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’ ব্যাট ছাড়াও লেগ স্পিনার আফ্রিদি এশিয়া কাপে পাকিস্তান দলে মুখ্য ভূমিকা রাখবে।
এ পর্যন্ত ৭০ টি-২০ ম্যাচে আফ্রিদি ১০৪৪ রান করা ছাড়াও ৭৩ উইকেট শিকার করেছেন।
দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসরের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আফ্রিদি। এ আসরে রানার্স আপ হয় পাকিস্তান। গত চারবারের মধ্যে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এ বছর সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘সমগ্র বিশ্বে সীমিত ওভারে পাকিস্তানের চেয়ে ভাল কম্বিনেশনের দল আমি দেখি না। কারণ আমাদের ব্যাটিং-বোলিং দু’টিই ভাল। তবে আমাদের ফিল্ডিংয়ে কিছু দুর্বলতা রয়েছে এবং সীমিত ওভারে ফিল্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
