ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সনে ভারতীয় দলের সেরা ফিনিশারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি একজন তাতে কোন সন্দেহ নেই। তবে আশ্চর্যজনক হলেও সত্যি, টি-টোয়েন্টিতে ৪৬ টি ম্যাচ খেলে ফেললেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এখনো পর্যন্ত অর্ধশতকের দেখা পাননি ভারতীয় অধিনায়ক। সুতরাং বাংলাদেশে আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলীয় শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি নিজের পরিসংখ্যানে উন্নতি ঘটানোরও লক্ষ্য থাকবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
ভারতের হয়ে এ পর্যন্ত ৪৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৪৩ ইনিংসে এখন পর্যন্ত এক ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারেননি ধোনি। সংক্ষিপ্ত এ ভার্সনে কোন হাফ সেঞ্চুরি ছাড়া ধোনির মোট ৭৭২ রান যে কোন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ তার সর্বোচ্চ রান।
কোন হাফ সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান করার তালিকায় ধোনির পরই আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আলবি মরকেল (৫২১ রান), গ্যারি উইলসন (আয়ারল্যান্ড ৫১০ রান) এবং আরেক তারকা খেলোয়াড় হাশিম আমলা (৪১৩ রান)।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক/ব্যাটসম্যান ব্র্যাড হাডিন(৩৭৩) এবং ওয়েষ্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামিও(৩৪৭) রয়েছেন শীর্ষ ১০ জনের তালিকায়।
এ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ৬৪ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার মোট রান ১৯৫৯। ১৩৩৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারের বেশি রান করা ১৩ খেলোয়াড়ের তালিকায় কোন ভারতীয় ক্রিকেটার নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে ৩২ ম্যাচে সর্বোচ্চ ৯৩৫ রান করেছেন গৌতম গম্ভীর। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নায়ক যুবরাজ সিং(৮৬৮) এবং সুরেশ রায়না(৮৫৯)।
