কোয়ালিফাইং রাউন্ডের দলগুলো চলে এসেছে আগেই। তারা বেশকিছু প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। বড় দলগুলোও একে একে আসতে শুরু করেছে। একদিন আগে বেশ জাঁকজমকের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদযাপন করল ক্রিকেট মহামিলনের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল রবিবার। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।
বিশ্বকাপ আয়োজিত হবে মোট তিনটি ভেন্যুতে - মিরপুরের হোম অব ক্রিকেট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বিশ্বকাপকে সামনে রেখে তিনটি শহরকেই সাজানো হয়েছে নতুন সাজে।
ক্রিকেটাররা অপেক্ষায় আছেন বড় মঞ্চে নিজেদেরকে আরেকবার মেলে ধরতে। দর্শক-সমর্থকরা মুখিয়ে আছেন রোমাঞ্চকর এক টুর্নামেন্ট দেখার জন্য। গোটা বাংলাদেশ আছে আরেকটি ক্রিকেট উত্সবের অপেক্ষায়।
এতো আয়োজন, আবেদন ও অপেক্ষা কেবল একটি টুর্নামেন্টকে ঘিরে। সেই টুর্নামেন্টটি হল ১৬ দেশের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আর মাত্র একদিন অপেক্ষা!
১৬ মার্চ- বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ৩.৩০ (ঢাকা), নেপাল-হংকং সন্ধ্যা ৭.৩০ (চট্টগ্রাম), ১৭ মার্চ- জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড, দুপুর ৩.৩০ (সিলেট), আরব আমিরাত-নেদারল্যান্ড, সন্ধ্যা ৭.৩০ (সিলেট), ১৮ মার্চ- আফগানিস্তান-হংকং দুপুর ৩.৩০ (চট্টগ্রাম), বাংলাদেশ-নেপাল, সন্ধ্যা ৭.৩০ (চট্টগ্রাম), ১৯ মার্চ-জিম্বাবুয়ে-নেদারল্যান্ড, দুপুর ৩.৩০ (সিলেট), আয়াল্যান্ড-আরব আমিরাত, সন্ধ্যা ৭.৩০ (সিলেট), ২০ মার্চ- আফগানিস্তান-নেপাল, দুপুর ৩.৩০ (চট্টগ্রাম), বাংলাদেশ-হংকং সন্ধ্যা ৭.৩০ (চট্টগ্রাম), ২১ মার্চ-জিম্বাবুয়ে-আরব আমিরাত বেলা ১১.৩০ (সিলেট), আয়ারল্যান্ড-নেদারল্যান্ড, দুপুর ৩.৩০ (সিলেট)।
