মোদীর সমর্থনে সব গণমাধ্যম বিক্রি হয়ে গেছে

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৪৯
ভারতের আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, ভারতের সব গণমাধ্যম বিক্রি হয়ে গেছে। মোদীর সুনাম বাড়ানোই যেন গণমাধ্যমের কাজ। এজন্য গণমাধ্যমকে হয়তো বড় ধরনের অর্থ দেওয়া হয়েছে। যদিও পরে কেজরিওয়াল এটা অস্বীকার করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। কেজরিওয়াল বলেন, গত এক বছর ধরে গণমাধ্যমে বলা হচ্ছে মোদী এখানে, মোদী সেখানে। মোদী এখানে এই কথা বলছেন, ওখানে ওই কথা বলছেন। কিছু চ্যানেলে বলা হচ্ছে, ‘রাম রাজত্ব’ আসছে এবং সব দুর্নীতি শেষ হয়ে গেছে। কেন গণমাধ্যম এটা করছে? হয়তো তাদের একটা বিরাট পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে, বলেন কেজরিওয়াল। একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাতকারে এ কথা বলা হয়েছে। তিনি আরো বলেন, মোদীর গুজরাটে গত ১০ বছরে ৮শত মানুষ আত্মহত্যা করেছে। অথচ এটা কোনো গণমাধ্যমে প্রচার করা হয় না। তিনি অভিযোগ করেন, কৃষকরা মাত্র এক রুপির বিনিময়ে তাদের জমি বিক্রি কোম্পানীর কাছে বিক্রি করছেন। অথচ কোনো চ্যানেলে এটা দেখানো হয় না। অথচ তার নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয়। এটা একটা ষড়যন্ত্র। আমরা ক্ষমতায় আসলে এ বিষয়ে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।