শেষ প্রস্তুতি ম্যাচও জিতল বাংলাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫০
বাংলাদেশ দল গতকাল শুক্রবার আয়ারল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালভাবেই প্রস্তুত হল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে অধিনায়ক মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের অল রাউন্ড নৈপুণ্য বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। মুশফিকুর রহিমের দল আগের ম্যাচে আরব আমিরাতকে হারাতে কিছুটা বেগ পেলেও কাল আত্মবিশ্বাসী হয়েই খেলে। স্বাগতিকরা খেলাটিতে টসে জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট খুইয়ে ১৭৯ রান তোলে। মুশফিক ৫৯ ও সাকিব ৫৮ রানে অপরাজিত থাকেন। জবাবে ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড সব কয়টি ওভার খেললেও আট উইকেট খুইয়ে ১৩৫ রানে থেমে যায়। দিনের অপর খেলাগুলোতে জিম্বাবুয়ে সাত উইকেটে আফগানিস্তানকে, সংযুক্ত আরব আমিরাত ছয় উইকেটে নেপালকে এবং হংকং ২৭ রানে নেদারল্যান্ডকে পরাজিত করে। বাংলাদেশের গ্রুপের অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচাইতে শক্তিশালী আফগানিস্তান অবশ্য গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়ের কাছে সাত উইকেটে পরাস্ত হয়েছে। বাংলাদেশ আগামীকাল ঢাকার মিরপুরে আফগানিস্তানের মোকাবিলার মধ্য দিয়েই পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে।