মোবাইল টাওয়ারের সরঞ্জাম চুরি

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫১
উপজেলায় একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ারে সরঞ্জাম চুরি করতে এসে গণধোলাইয়ের পর তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পলাশতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে মারুফ আহমেদ আরেক মোবাইল ফোন অপারেটর রবির রিজিওনাল ম্যানটেন্স অফিসার এবং বাকি দুইজন তার সহযোগী জলিল মিয়া ও আয়ুব মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই তিনজন নকল চাবির সাহায্যে তালা খুলে ওই টাওয়ারের ভেতর প্রবেশ করে ল্যাপটপের মাধ্যমে একে একে ২১টি ব্যাটারির যোগাযোগ বিচ্ছিন্ন করতে থাকলে একটি অটো ম্যাসেজ চলে যায় গ্রামীণফোন কেন্দ্রীয় টাওয়ার কর্তৃপক্ষের কাছে। এসময় কর্তৃপক্ষ টাওয়ার স্থাপনকৃত বাড়ির মালিককে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে ওই তিনজনের পরিচয় জানতে চাইলে তারা ওই কোম্পানির ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন ওই তিনজন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক ও ২১টি ব্যাটারিসহ তিনজনকে থানায় নিয়ে আসে। এঘটনায় গ্রামীণফোন সিলেট বিভাগীয় সিকিউরিটি ইনচার্জ বাদি হয়ে রায়পুরা থানায় একটি মামলা করেছেন।