মুন্সীগঞ্জের পদ্মায় গোসল করতে নেমে তরুণ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫২
শুক্রবার লৌহজং উপজেলা সদরের ঘোড়দৌড়ের কাছে পদ্মার চরে বেড়াতে এসে ঢাকার তরুণ ব্যবসায়ী হাসানুর রহমান নিপু (৩০) পদ্মায় ডুবে মারা গেছেন। তার সঙ্গী ব্যবসায়ী মো. সুমনকে (২৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত নিপু কাজীর পাগলা গ্রামের মৃত আব্দুল মতিন হিরুর পুত্র। লৌহজং থানার ওসি আবুল কালাম রাতে জানান, দু’বন্ধু ঢাকার বাসিন্দা। স্থানীয় কাজীর পাগলায় একটি অনুষ্ঠানে যোগদান করে গাড়ি নিয়ে লৌহজং থানা সংলগ্ন পদ্মার নতুন চরে বিকালে বেড়াতে আসেন তরুণ দু’ব্যবসায়ী। তাদের সাথে এক শিশু ছিল। শিশুটিকে দাঁড় করিয়ে দু’বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা তলিয়ে যাচ্ছিলেন। এইসময় শিশুটি চিত্কার করলে জেলে ও আশপাশের লোকজন ছুটে আসেন। সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও নিপুকে রক্ষা করা যায়নি। পরে জাল ফেলে অনেক চেষ্টার পর নিপুর মৃতদেহ উদ্ধার করা হয়। তারা সাঁতার জানতেন না। এই রিপোর্ট লেখার সময় পরিবারের বুক ফাটা আর্তনাতে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছয় ভাই এক বোনের মধ্যে নিপু তৃতীয়। সে অবিবাহিত।