আদমদীঘিতে সোনালী ব্যাংক লুটে আরো ৩ জন গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫৩
জেলার আদমদীঘিতে গত ৭ মার্চ সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ করে ৩০ লাখ ৭৯ হাজার ৮শ টাকা লুটের মামলায় আরো ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে হাজির করা হলে গত বৃহস্পতিবার তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক । এ নিয়ে এই মামলায় পুলিশ মোট ১১ জনকে গ্রেফতার করলো। এদিকে ১ সপ্তাহ অতিবাহিত হলেও নতুন করে ৩ জনকে গ্রেফতার ছাড়া মামলায় আর অগ্রগতি হয়নি। হদিস মেলেনি লুট হওয়া টাকার । এদিকে ৫ দিনের রিমান্ডে থাকা প্রথম দফায় গ্রেফতার ৮ আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলাটির তদন্তভার গতকাল থেকে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখায় হস্তান্তর করা হয়। নতুন গ্রেফতার দেখানো ব্যক্তিরা হলেন-আদমদীঘির কুসুম্বি গ্রামের মিজানুর রহমান (৪০), ছোট জিনইর গ্রামের মোজাম হোসেন (৫০) ও ডালম্বা গ্রামের শাহাদত হোসেন (৩৩)। এদিকে মামলার নথি পেলেই ডিবির কর্মকর্তারা তদন্ত শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।