মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির নাটেশ্বরে সদ্য আবিষ্কৃত প্রাচীন বৌদ্ধ মন্দির, সদরের রঘুরামপুরে বৌদ্ধ বিহার, ভাঙ্গায় প্রাচীন নৌকা শনিবার বিকালে পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন।
এর আগে সকালে শ্রীনগর উপজেলার বালাশুরে জমিদার যদুনাথের বাড়ির বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের নবনির্মিত ভবন পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার। এসব কর্মসূচিতে সংস্কৃতি সচিব ও লেখক রনজিত্ বিশ্বাস সস্ত্রীক অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুরের সভাপতি ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন, অগ্রসর বিক্রমপুরের সহসভাপতি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহাবুবে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া, আওয়ামী লীগ নেত্রী অপু উকিল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ডা. আনোয়ার হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ।
