আমি কোনো অশ্লীল দৃশ্যে কাজ করিনি

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:১৮
তরুণ প্রতিভাবাবন চিত্রনায়ক জায়েদ খান। এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘তোকে ভালোবাসতেই হবে’। এ ছাড়া আরও বেশ কিছু চলচ্চিত্রের শুটিং করছেন নিয়মিতই। নিজের সাম্প্রতিক কাজ, মুক্তি অপেক্ষাকৃত চলচ্চিত্রসহ চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন রবি হাসান, ছবি আরাফাত সৈকত আপনার বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলুন— এই মুহূর্তে আমি রাকিবুল আলম রাকিবের ‘প্রেম করব তোমার সাথে’, মনতাজুর রহমান আকবরের ‘লাভ ইন মালয়েশিয়া’, শাহ আলম মণ্ডলের ‘সীমাহীন ভালোবাসা’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘তোমার প্রেমে পড়েছি’ চলচ্চিত্রগুলোতে কাজ করছি। আগামী মাসে মুক্তি পাবে সোহেল রানার ‘অদৃশ্য শত্রু’। এই মাসের ২১ তারিখে মুক্তি পাবে ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি। ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন? রাজু চৌধুরীর এই ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। এ যাবত্ আমার রিলিজ হওয়া ছবিগুলোর মধ্যে আমি মনে করি আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট তৈরির করার মতো ছবি এটি। সামনে আরও কিছু আসছে। এ পর্যন্ত ৮৭টি হলে মুক্তির কথা নিশ্চিত হয়েছে। এরইমধ্যে সিনেমা হলে এর ট্রেইলর প্রচার হচ্ছে। বেশ প্রশংসিত হয়েছে। এই ছবিটির মধ্য দিয়ে প্রথম সাহারার সঙ্গে অভিনয় করেছি। সাহারার এই পড়তি সময়ে আপনার মতো একজন উঠতি তারকা কাজ করেছেন, হলে দর্শক গ্রহণযোগ্যতা কেমন হবে বলে মনে হয়? আসলে তার পড়তি সময় বলতে চাই না। অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। এখন দর্শকরা হলে গিয়ে বিচার করবেন। আপনার একটি চলচ্চিত্রে আনুশকা শর্মার আইটেম গার্ল হিসেবে ফেব্রুয়ারি মাসে ঢাকায় আসার কথা ছিল, এই বিষয়টি আপনিই জানিয়েছিলেন। কিন্তু তার আর আসা হয়নি। সানি লিওনি, বিপাশা বসুর মতো কি আপনাদের আনুশকাও শুধুমাত্র একটা ফাঁকা আওয়াজ? আমার সামনেই আমার প্রযোজক কথা বলেছে, সবকিছুই নিশ্চিত। এখানে আওয়াজের কিছুই নেই। আবার শুনেছি তার ঠোঁটে ইনজুরি, এ কারণে দেরি হচ্ছে। সম্মানী নিয়েও কথা হয়েছে। সাইনও খুব শীঘ্রই হয়ে যাবে। আমাদের এই ছবির এখনও একটি গানও শুটিং হয়নি। শুটিং খানিকটা পিছিয়ে যেতেই পারে। আপনার ‘দাবাং’ ছবিতে অশ্লীলতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই বিষয়ে কী বলবেন? আমার দিক থেকে আমি একেবারেই পরিষ্কার। আমি কোনো অশ্লীল দৃশ্যে কাজ করিনি। দর্শকরা হলে গিয়ে নিশ্চয়ই দেখেছেন। যা করা হয়েছে তার পুরোটাই আমার অজান্তে প্রযোজক ও পরিচালক করেছেন। পোস্টার দেখে আমি নিজেও বিব্রত হয়েছি। প্রতিবাদও করেছিলাম। এর জন্য তো সেন্সরবোর্ড আছেই। তারা তো কিছু বলেনি।