বাংলাদেশের ৪ চ্যানেলে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরাসরি

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:১৮
আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় আয়োজন ‘আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪’। এই টুর্নামেন্টের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ৪টি চ্যানেল। এগুলো হলো বাংলাদেশ টেলিভিশন, জিটিভি, মাছরাঙা টেলিভিশন ও চ্যানেল নাইন। এ ছাড়া প্রতিটি খেলা শুরুর আগে এবং খেলা শেষে খেলা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০ ওভারের ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৬টি দেশ অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। যার মধ্যে স্বাগতিক বাংলাদেশসহ আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, হংকং, নেপাল, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১৬ মার্চ বিকাল ৩টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৬ এপ্রিল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে জমকালো এই আসরের।