কানাডার রাজধানী অটোয়ায় শুক্রবার এক রুশ কূটনীতিককে ছুরিকাঘাত করা হয়েছে। মদ্যপ অবস্থায় ঝগড়াঝাটির পর এ ঘটনা ঘটে।
অটোয়া পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২৪৩) রুশ দূতাবাসের কাছে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে তাদের কাছে একটি টেলিফোন আসলে তারা ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে তারা ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে ‘ছুরিকাঘাতে আহত’ অবস্থায় দেখতে পায়।
লোকটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার আঘাতটি গুরুতর নয়। অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। কানাডার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন ব্যবকক জানান, সরকারি কর্মকর্তারা রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত এই ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণোদিত বলে সন্দেহ করার মতো আমরা কোন কিছু পাইনি। অটোয়া সিটিজেন দৈনিক জানায়, রুশ দূতাবাস থেকে অল্প কিছু দূরে দুই ব্যক্তি মদ খাওয়ার এক পর্যায়ে ঝগড়া বেঁধে যায়। প্রতিবেদনে বলা হয়, কূটনীতিকের হাত ও পিঠে ছুরিকাঘাত করা হলে তিনি লবিতে পড়ে যান। পুলিশ সেখানেই তাকে পড়ে থাকতে দেখে। রুশ কূটনীতিক মাতাল ছিলেন বলে জানা গেছে। এর আগে তাকে কুকুরে কামড়েছিল বলে জানানো হয়েছিল। রুশ দূতাবাস এ ব্যপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
