সিরিয়ায় প্রায় ৪ বছরের গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের এক তৃতীয়াংশেরও বেশি বেসামরিক নাগরিক।
মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বৃহস্পতিবার একথা জানিয়েছে। ২০১৩ সালের জুলাইয়ে সর্বশেষ প্রকাশিত তথ্যে নিহতের সংখ্যা অন্তত ১ লাখ বলা হয়েছিল। কিন্তু সিরিয়ার মাঠ পরিস্থিতি নিহতের সংখ্যার সঠিক হিসাব বের করার জন্য অসম্ভব হওয়ায় এ সংখ্যা নতুন করে হিসাবের প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে জানুয়ারিতে জানায় জাতিসংঘ।
তবে অবজারভেটরির দেয়া সর্বশেষ ১৪৬,০৬৫ নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি রয়টার্স। অবজারভেটরি জানায়, তারা প্রায় ৩৬ হাজার বিদ্রোহী যোদ্ধা নিহতের সংখ্যা হিসাব করেছে। এর মধ্যে রয়েছে সিরিয়ার আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট, ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট’ এর যোদ্ধারাও। এসব দলে লড়ছে বহু বিদেশি যোদ্ধা।
অবজারভেটরি আরো জানায়, আসাদপন্থি বাহিনী থেকে নিহত হয়েছে ৫৬ হাজারেরও বেশি সদস্য। এর মধ্যে রয়েছে লেবাননের শিয়া হিজবুল্লাহর ৩৩২ জন এবং অন্যান্য দেশের ৪৫৯ জন শিয়া যোদ্ধা।
