নেপাল ও হংকং দলের খেলার মধ্যদিয়ে আজ রবিবার পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের চট্টগ্রাম পর্ব। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। হংকং দল শুরু থেকেই চট্টগ্রামে অবস্থান করছে। ইতিমধ্যে তারা দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে উভয়টিতেই জিতেছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে এবং পরের ম্যাচে নেদারল্যান্ডকে হারায় তারা। অন্যদিকে আগের দিন নেপাল দল ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের পর গতকাল সকালে চট্টগ্রামে পৌঁছায়।
উভয় দল গতকাল শনিবার বিকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে। নেটে বাড়তি ঘাম ঝরান দুই দলের ক্রিকেটাররা। টি-টুয়েন্টির মূল আসরে প্রথম ম্যাচে খেলার জন্য দুই দলই প্রস্তুত।
টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত। সকল স্থাপনার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে পুরো সাগরিকা স্টেডিয়ামকে সাজানো হয়েছে ফুলেল সাজে। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানের স্থিরচিত্র স্টেডিয়ামকে মোহিত করে তুলেছে। তাছাড়া অলংকারের মোড় থেকে সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুই পাশে টি-টুয়েন্টি লোগোসম্বলিত ফেস্টুন ব্যানার নজর কাড়ছে ক্রিকেটামোদীদের।
