আত্মবিশ্বাস জাগানিয়া এক সিরিজ: বেইলি

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২২:২৮
মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ের পর অ্যারন ফিঞ্চ-শেন ওয়াটসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই সিরিজ জয়, বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছেন দলটির অধিনায়ক জর্জ বেইলি। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার উইকেট কিংবা পরিস্থিতিগত কোন মিল না থাকলেও এই সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস ঠিকই সঙ্গী হবে অস্ট্রেলিয়ার। বেইলি বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা আমাদের জন্য কঠিন হবে সন্দেহ নেই। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখান থেকে যে আত্মবিশ্বাস পেলাম, সেটা সেখানে আমাদের জন্য সহায়ক হবে। আমরা এনিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতলাম। অতীতে বেশ কয়েকবারই আমাদের ট্রফি ভাগাভাগি করতে হয়েছে। সুতরাং, এই শিরোপাটা নি:সন্দেহে গুরুত্বপূর্ণ।’ ম্যাচ সেরা স্টার্চ মেইডেন দিয়ে ইনিংস শুরু করার পরে দ্বিতীয় ওভারে মাত্র তিন রান দিয়ে হাশিম আমলাকে সাজঘরের পথ দেখান। দ্বিতীয় স্পেলে তিনি ফিরে এসে হার্ড হিটিং আলবি মরকেলের উইকেট দখল করে দক্ষিণ আফ্রিকাকে বেশিদূর যেতে দেননি। নিজের চার ওভারে মাত্র ১৬ রানে মূল্যবান দুই উইকেট দখল করে স্টার্চ মূলত স্বাগতিকদের ইনিংস বড় করতে দেননি। ফলে নির্ধারিত ২০ ওভারের কোটায় প্রোটিয়ারা সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৮ রান। উদ্বোধনী ব্যাটসম্যান কুইনটোন ডি কক সর্বোচ্চ ৪১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ২১ বছর বয়সী এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান একপ্রান্ত ধরে না রাখলে স্বাগতিক ইনিংস হয়ত আরো আগেই শেষ হয়ে যেত। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন হগের শিকার হন তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৮১। জবাবে অ্যারন ফিঞ্চের ৩৯ এবং শেন ওয়াটসনের ৩৫ রানের উপর ভর করে পাঁচ ওভার হাতে রেখেই অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছে যায়। দারুণ বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ ম্যাচ সেরা নির্বাচিত হওয়া স্টার্কের প্রশংসায় বেইলি বলেন, ‘স্টার্ককে বেশ কিছু সমস্যা মোকাবেলা করে দলে ফিরতে হয়েছে। তাই আমরা ভেবেছিলাম তাকে সেরা ফর্মে ফিরতে হয়তো কিছুটা বেগ পেতে হবে। তবে এটা ছিল একবারেই ভুল। বোলাররা যখন আপনাকে এত সাহায্য করতে থাকবে তখন নি:সন্দেহে আপনার কাজ সহজ হয়ে যাবে।’