দেবযানীর বিরুদ্ধে আবারো মামলা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২৩:২৪
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে আবারো মামলা দায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে ভারতের সরকার। এর আগে দেবাযানীর বিরুদ্ধে করা ভিসা প্রতারণার মামলা খারিজ করে দেয় মার্কিন আদালত। দেবযানীর কূটনীতিক দায়মুক্তি থাকায় ওই মামলা খারিজ করা হয় বলে আদালত রায়ে জানিয়েছিল। তবে আদালত রায়ে একথাও বলেছিল যে, তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করতে কোনো অসুবিধা নেই। খবর টাইমস অব ইন্ডিয়ার। নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ভারতীয় কূটনীতিককে দু’টি অপরাধে পুনরায় অভিযুক্ত করেছে। অভিযোগ দুটি হল গৃহকর্মীকে কম বেতন প্রদান এবং ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেয়া। কূটনৈতিক দায়মুক্তির সুবাদে এক মার্কিন বিচারক এর দু’দিন আগে দেবযানীকে একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন। ভারত সরকারের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন বলেন, কূটনৈতিক দায়মুক্তির সুবাদে এক মার্কিন বিচারক ভারতীয় কূটনীতিক দেবযানীকে একটি মামলা থেকে অব্যাহতি দিলেও পুনরায় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ দায়েরের ঘটনায় নয়াদিল্লি হতাশ হয়েছে। নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি কার্যালয় নতুন করে দেবযানীকে অভিযুক্ত করায় উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে আবারো টানাপোড়েন শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।