স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে শত্রু মুক্ত করতে মুক্তিযুদ্ধ করেছি। দেশ বিরোধী জঙ্গি তত্পরতা নস্যাত্ করতে প্রয়োজনে আবার যুদ্ধ করবো।
শনিবার বিকালে ঢাকার দোহার উপজেলার পদ্মা ডিগ্রী কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আলোকিত বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। যার দৃষ্টান্ত উপজেলা পরিষদ নির্বাচন। এসময় নব নির্বাচিত দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা কামালসহ ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিমকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলামকে সংবর্ধনা দেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
