১৮০ কোটি লোক শুনবে বাংলাদেশের নাম

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২৩:৩০
বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি বাড়াতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কেমন ভূমিকা রাখতে পারে? যে ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শুধু কি সেইসব দেশের ক্রিকেটপ্রেমীদের কানে বাজবে দেশটির নাম? ইন্টারন্যাশনাল ক্রিকেট (আইসিসি) কাউন্সিল যে তথ্য প্রকাশ করেছে তা বাংলাদেশের যে কোন নাগরিকের জন্য গর্বের। স্যাটেলাইট চ্যানেলে প্রতিদিন ১৮০ কোটি লোক টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দেখবে। আইসিসি বলছে, অতীতের যে কোন ক্রিকেট আসরের রেকর্ড ছাড়াবে এটি। আইসিসির তথ্যমতে, এবার মোট ২৯টি স্যাটেলাইট চ্যানেলে টি-টোয়েন্টির খেলাগুলো দেখা যাবে। মূল ব্রডকাস্টার ‘স্টার স্পোর্টস’ এ প্রতিযোগিতার প্রচারস্বত্ব পেয়েছে। ২৯টি চ্যানেলে শুধু ইংরেজি ভাষায় যে খেলাগুলো সমপ্রচার করা হবে তা নয়। মোট ২০টি ভাষায় ধারাভাষ্যও প্রচার করা হবে। খেলা সমপ্রচারে আধুনিকতাও যুক্ত হচ্ছে এবার। মোট ২৮টি ক্যামেরা প্রতিটি খেলা ধারনের জন্য থাকবে। এর মধ্যে আলট্রা-মোশন ক্যামেরা থাকবে ৭টি। উপর থেকে দৃশ্য ধারণ করার জন্য থাকবে স্পাইডার ক্যামেরা। ক্যামেরায় সুন্দর চিত্রগ্রহণের পাশাপাশি খেলাকে আরো আকর্ষণীয় করার জন্য বিশ্বের নামি-দামি ধারা ভাষ্যকারদেরও নিয়োগ দেয়া হয়েছে। ইতিমধ্যে তাদের অনেকে ঢাকায় এসে পৌঁছেছেন। এবারে ধারা ভাষ্যকাররা হলেনঃ রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জুরেকার, শন পোলক, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলী, শেন ওয়ার্ন, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, রাসেল আর্নল্ড, নিক রাইট, নাসের হুসেইন, হর্ষ ভোগলে, জন্টি রোড্স, আতাহার আলী খান, ডেনি মরিসন প্রমুখ। আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, আমরা অনন্দিত যে, বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখবে।