৮ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকরা শিশুটিকে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে লাশ একটি পুকুরে ফেলে রাখে।
শিশুটির নাম শারমিন আক্তার। সে উপজেলার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী। তার বাবা সাদেক হোসেন দিনমজুর। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকালে শারমিন দুধ বিক্রি করতে বড়াইকান্দি বাজারে যায়। দুধ বিক্রি করে চাল কিনে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে খোঁজার জন্য এলাকায় মাইকিং করা হয়। থানা পুলিশ গতকাল শনিবার সকালে রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারের পূর্বপাশের পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ।
পুলিশের ধারণা ধর্ষকের সংখ্যা একাধিক। যে পুকুরে লাশ পাওয়া গেছে তার অল্প দূরে ভুট্টাক্ষেতে শিশুটির সেন্ডেল, জামাকাপড় ও দু’কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওসি মোখলেছুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। আসামিও ধরা পড়বে।
