রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল ভবনের ছাদে গতকাল শনিবার বিকালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বারডেম হাসপাতালের আট তলা ভবনের ছাদে থাকা কার্টনের স্তূপে হঠাত্ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছাদের অনান্য অংশে ছড়িয়ে পড়ে। ধোঁয়া দেখে হাসপাতালের রোগী ও দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, ধূমপানের পর সিগারেটের জ্বলন্ত অংশ কে বা কারা কার্টনের স্তূপে ফেলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
