উপজেলা নির্বাচনে সরকারি দল কারচুপি করছে বিএনপি নেতাদের এমন দাবির কড়া সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সংস্কৃতিই হলো মিথ্যাচার করা। দেশে আমাদের সময়ে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে। তারা জয়ের আগে বলে কারচুপি হচ্ছে। অথচ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে এগিয়ে আছে তারা। আমরা কারচুপি করলে বিএনপি একটিতেও জিততে পারতো না। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমান উপজেলা নির্বাচনে স্বাধীন নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধভাবে হচ্ছে।
মোহাম্মদ নাসিম শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিও জোরালো হয়ে উঠেছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করেছে। আর এমন একটি সময় আসবে আইনের প্রক্রিয়াতেও তারা নিষিদ্ধ হয়ে ঝরে পড়বে।
