সারাদেশের ১৩টি কমিউনিটি রেডিওর প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশান ‘নারী ও শিশু সুরক্ষা’ বিষয়ে গত ৯ থেকে ১১ মার্চ ৩ দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করে। যার প্রধান সহযোগিতায় ছিল প্লান বাংলাদেশ এবং কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিল অপরাজেয় বাংলা। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ৩ দিন ধরে চলা কর্মশালায় প্রতিনিধিদের নারী ও শিশুদের বিষয়ে সচেতন করে তুলতে দেখানো হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মঞ্চস্থ করা হয় নাটিকা। এছাড়াও প্রতিদিনই প্রতিনিধিরা পেয়েছিলেন বিশেষ বিশেষ ব্যক্তিত্বের সান্নিধ্য। যা তাদের কর্মজীবনের চলার পথে পাথেয় হয়ে থাকবে সবসময়। জানাচ্ছেন- মিথুন দাস
সাবিহা ইসলাম
রেডিও নলতা
সাতক্ষীরার কালিগঞ্জের রেডিও নলতার প্রতিনিধি হয়ে এসেছেন সাবিহা ইসলাম। তিনি মূলত স্বাস্থ্য এবং নারীদের নিয়ে কাজ করছেন সেখানে। যেখানে তিনি এগিয়ে যাওয়া নারীদের নিয়ে বলে থাকেন এবং নারীদের শারীরিক কিংবা মানসিক দিকগুলো তুলে ধরেন। কথা বলে জানতে পারি, এখনও তারা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। প্রায়ই কারো না কারো নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তিনি মনে করেন ১৭ কিঃ মিঃ আওতার এই ছোট জায়গাটাতেও মানুষকে বলার জায়গাটা অনেক প্রশস্থ। নিজেকে আরও ভালভাবে দক্ষ করে গড়ে তুলতে পারলে আরও ভালো ভাবে মানুষকে সচেতন করা সম্ভব। তিনি বলে থাকেন আজকাল উন্নয়নমূলক কাজগুলোতে মেয়েদের অংশগ্রহণ অনেক কম। তাই নারীদের এই জায়গাটাতে বেশি করে এগিয়ে আসা উচিত। এই এক বছরের ছোট্ট ক্যারিয়ারে তার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। কিছুদিন আগে কাজ করেছেন অটিজম নিয়ে। কাজ করতে গিয়ে বেরিয়ে এসেছে অনেক অজানা তথ্য। যেমন তিনি দেখেছেন কারো বাচ্চা শারীরিকভাবে কর্মক্ষম না হলে, তার স্বামী তাকে ভালোভাবে দেখতেন না। কখনও নিজের ক্ষেত্রে হয়ে থাকলে বিবাহ বিচ্ছেদও হয়ে থাকে। ভবিষ্যতে তিনি এখানে কাজ করে মিডিয়াতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন।
মাফিয়া মুক্তা
রেডিও পদ্মা
রাজশাহীর রেডিও পদ্মার প্রতিনিধি হয়ে এসেছেন মাফিয়া মুক্তা। পড়াশুনা করছেন রাজশাহী কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে। পড়াশুনার পাশাপাশি দুই বছর ধরে একটি রেডিও স্টেশনে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত মাফিয়া। রাজশাহীতে রেডিও পদ্মা কেমন জনপ্রিয় জানতে চাইলে, জনপ্রিয়তার কথা কিছুটা এড়িয়ে গিয়ে বলেন আমরা রাজশাহীতে বেশ ভালো কাজ করছি। রিপোর্টিং এ মাফিয়া কাজ করছেন শিশু অধিকার, সুরক্ষা এবং কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো নিয়ে। নারীদের নিয়ে তার করা অপরাজিতা তাকে বেশ আলোচনায় নিয়ে এসেছে। আর এই অনুষ্ঠান নিয়ে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, কিছুদিন আমি অসুস্থ ছিলাম। তাই শো নিয়মিত করতে পারিনি। একদিন মারিয়া নামে এক লিসেনার আমাকে এসএমএস করল আপু তুমি কোথায়? আমি টিভি দেখা বাদ দিয়ে তোমার শোয়ের জন্য অপেক্ষা করি। মাফিয়া যোগ করেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ভবিষ্যতে মিডিয়াতে কাজ করতে চান মাফিয়া। আর স্বপ্ন দেখেন এমন এক প্রগতিশীল বাংলাদেশের যেখানে নারী পুরুষ সবাই একসাথে কাজ করছে। কেউই পিছিয়ে নেই। মাফিয়া মনে করেন হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নেই।
জাসিয়া নাসরিন
রেডিও বরেন্দ্র
জাসিয়া নাসরিন এসেছেন নওগাঁর রেডিও বরেন্দ্র থেকে। গত তিন মাস ধরে সেখানে কাজ করেছেন একজন প্রেসেন্টার, রিপোর্টার হিসেবে। এরই মধ্যে তার কাজের খ্যাতি ছড়িয়ে গেছে চারদিকে। উপস্থাপনার পাশাপাশি জাসিয়া কাজ করে থাকেন নারী আর শিশুদের নিয়ে। তাই তার মাথায় সারাক্ষণ খেলতে থাকে নতুন নতুন সব আইডিয়া। ভাবেন কিভাবে নারী আর শিশুদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করা সম্ভব। তাই বোটানিতে স্নাতক সম্পন্ন করলেও কাজ করতে চান দেশের মিডিয়াতে। জাসিয়া মনে করেন এই পেশাটা বেশ চালেঞ্জিং এবং তার এরকম কাজের প্রতি সব সময়ই আকর্ষণ ছিল। এই বিষয়ে জাসিয়া মনে করেন মেয়েদের এই ধরনের কাজের প্রতি বেশি আগ্রহ থাকা উচিত। তাহলেই নারীরা আরও তাদের কথাগুলো বেশি করে বলার সুযোগ পাবে। পুরুষ কিংবা নারী এই দৌড়ে না গিয়ে তিনি বলেন আমাদের উচিত কাজের মূল্যায়ন করা। বহুমুখী এই প্রতিভা জানান, এখানে এসে তিনি অনেক কিছু শিখেছেন, যা তার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। তিনি মনে করেন কমিউনিটি রেডিওতে এখনও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। তাই অনেকে এখানে আগ্রহ নিয়ে আসলেও ঝরে পড়ছে। তাই তিনি মনে করেন কিছু আর্থিক সহায়তা এসব রেডিও স্টেশনগুলোর দেওয়া দরকার।
