ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমতে কমতে তিনশ’ কোটি টাকার নিচেই নেমে এসেছে। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি টাকা। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৯ ডিসেম্বর ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৪ কোটি টাকা। এরপর আর তিনশ’ কোটি টাকার নিচে লেনদেন হয়নি।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেন কমে যাচ্ছে। এদিকে লেনদেন কমে যাওয়ার পাশাপাশি ৩৮ কর্মদিবসের মধ্যে ডিএসই সূচকও সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সিমেন্ট আর ইঞ্জিনিয়ারিং খাত ছাড়া সব খাতেই দরপতন হয়েছে। তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্যাংকিং খাতে। এ খাতের শেয়ারগুলোর দাম কমেছে প্রায় আড়াইভাগ। বড় মূলধনী ও মধ্যম আকারের মূলধনী কোম্পানিগুলোর দরপতনও হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকা। যা আগের কার্যদিবসে চেয়ে ৬০ কোটি ৯৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ শেয়ারবাজার বন্ধ থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর সামপ্রতিক সময়ে অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। এ কোম্পানিগুলো হলো ইস্টার্ন কেবলস, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং সমতা লেদার কমপ্লেক্স।
