নানা ধরনের দাবি-দাওয়া আদায়ের লক্ষে কিংবা কাউকে স্বাগত জানানোর জন্য রাস্তার পাশে বা নির্ধারিত কোনো স্থানে মানববন্ধন করা নতুন কিছু নয়। তবে মানববন্ধনের এই কাজটিই যদি করতে হয় পানির তলে তাহলে কাজটি অনেকটাই কঠিন হয়ে যায় বৈকি! আর কঠিন এই কাজে সবচেয়ে বেশি মানুষের জমায়েত ঘটিয়ে যারা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তারা হলেন ‘গ্রুপমেন্ট ডাস প্রফেশনেলস ডি লা প্লন্জ’ নামের একটি সংগঠনের কর্মী। ফ্রান্সের সেইন্ট লিউ’তে পানির ৫৯ ফুট গভীরে সবমিলিয়ে ১১০ জন স্কুবা গিয়ার পরিহিত অংশগ্রহণকারী প্রায় ২৫০ ফুট দীর্ঘ এই মানববন্ধনটি গড়েন। আর পানির নিচে সবচেয়ে বড় এই মানববন্ধনটির স্থায়িত্ব হয়েছিল সাকুল্যে ৫ মিনিট ৪২ সেকেন্ড মাত্র।
