‘ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’। দিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক এই দেশাত্মবোধক গানটিকে নতুন সংগীতায়োজনে তৈরি করেছেন বাপ্পা মজুমদার। আর এই গানের বিশেষ এক দৃশ্যায়নে শুটিংয়ে অংশ নিলেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। গুণী এই দুই কণ্ঠশিল্পী কথা বললেও যেন তা গান হয়ে যায়। বাপ্পা মজুমদারের সুরে তারা আলাদাভাবে ডুয়েট বা সলো গান গেয়েছেন এর আগে বেশ কিছু। তবে দেশের গানে এভাবে একটি বড়মাপের কাজ এই প্রথম হলো। স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি বিশেষ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রায় সব প্রজন্মের ১৩ জন শিল্পী ও একটি ব্যান্ড। এর মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, নকীব খান, ফাহমিদা নবী, পিলু খান, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, ফুয়াদ, চাঁদনী (অভিনেত্রী), এলিটা, জয়, পারভেজ, জোহাদ, কোনাল এবং ব্যান্ড শূন্য। বাপ্পা জানান, এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এখন চলছে দেশজুড়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ প্রক্রিয়া। দেশের অন্যতম ব্যয়বহুল দৃষ্টিনন্দন দেশাত্মবোধক গানের মিউজিক ভিডিও হিসেবে তুলে ধরার প্রয়াসে শুক্রবার থেকে শুটিং শুরু করেছেন পরিচালক তরুণ কয়েকজন নির্মাতা।’
