তরুণ প্রতিভাবান ও ব্যস্ত গীতিকার ওমর ফারুকের কথায় এবার আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টির থিম নিয়ে তৈরি হলো নতুন একটি গান। ‘দামাল ছেলে এগিয়ে চলো, আমরা আছি সাথে’ শিরোনামের গানটির সব কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন শাহেদ ও আদনান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহেদ, ফরাবী আদনান ও তুষার। গানটি প্রসঙ্গে ওমর ফারুক বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে কোটি মানুষের মধ্যে যে উন্মাদনা, যে প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছে, তা থেকেই উজ্জীবিত হয়ে গানটি লেখা। কেননা আমিও কোটি মানুষের একজন। ১৬ কোটি মানুষের চাওয়া-পাওয়া আর আবেগটাকেই ধরার চেষ্টা করেছি এই গানে। গানটি ওরা চারজন শিল্পীও বেশ দরদ দিয়ে গেয়েছে। আশা করি গানটি ভালো লাগবে।’
