নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আরাফাত রহমান সিয়াম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে দ্রুত খুনীদের গ্রেফতার দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‘গুম হত্যা রুখে দাঁড়াও’ স্লোগানে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ ব্যানারে মানববন্ধনে নিহত সিয়ামের বড় ভাই রিফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিয়ামের মা সখিনা বেগম, খালা সালেহা বেগম, দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জাল হোসেন, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল্লাহ রাসেল, ছাত্র ফেডারেশনের জেলার সহ-সভাপতি রাসেল হোসেন ও তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী।
