আজ সোমবার সিলেটবাসীর মাহেন্দ্রক্ষণ। খেলার জগতে নতুন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা মাঠে গড়াচ্ছে সিলেটে। অবশেষে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের সুবাদে সিলেটবাসীর স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এটি হতে যাচ্ছে দেশের অষ্টম ক্রিকেট ভেন্যু যাতে আছে দেশের একমাত্র গ্রীন গ্যালারি। এখন গোটা সিলেট ক্রিকেট ফোবিয়ায় কাঁপছে। নয়নাভিরাম চা-বাগান, ছোট ছোট পাহাড় টিলা লতাগুল্মে ভারা ওলিকূল শিরোমণি হযরত শাহজালাল (র:) এর স্মৃতিধন্য দুটি পাতা একটি কুঁড়ির সবুজাভ এই শহরে সোমবার বিকাল সাড়ে তিনটায় শুরু হবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার খেলাটি। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্লাড লাইটের আলোয় লড়বে আরব আমিরাত ও নেদারল্যান্ড। বিশ্বকাপের মহিলা ও পুরুষ বিভাগের ৩০টি ম্যাচ হবে সিলেটে। এরমধ্যে ছেলেদের ৬টি ও মেয়েদের ২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিদেশি খেলোয়াড় আর অতিথিদের পদচারণায় সিলেট এখন মুখরিত। স্টেডিয়াম এলাকায় আলো ঝলমলে পাথরে গা বেয়ে ঝর্ণার ধারা আর সেখানে বক পাখি বসে থাকার দৃশ্য অতিথি ও দর্শকদের অন্য জগতে নিয়ে যাবে। এ উপলক্ষে বর্ণাঢ্য সাজে সজ্জিত এই নগরী এখন নববধূর রূপ নিয়েছে। সিলেটকে বৈচিত্র্যময় রূপে সাজিয়ে তুলেছে সিলেট সিটি করপোরেশন। শোভা পাচ্ছে টি-টোয়েন্টির লোগো খচিত এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের পতাকাসহ দৃষ্টিনন্দন শুভেচ্ছা স্থাপনা। সব মিলিয়ে সিলেটবাসী এখন বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে খেলাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মিজানুর রহমান। ইতোমধ্যে স্টেডিয়ামে যাওয়ার জন্য ও নগরবাসীর চলাচলের জন্য ট্রাফিক বিভাগ একটি রুট ম্যাপ করে চলাচলের নির্দেশনাও দিয়েছে।
