নিজেকে উজাড় করে দেব: আফ্রিদি

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:৫৯
চোট কাটিয়ে আবার অনুশীলনে ফেরা পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেছেন, টি-২০ বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারে নিজেকে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত তিনি। এশিয়া কাপে গত সপ্তাহে ফিটনেস সমস্যায় পড়া ৩৪ বছর বয়সী আফ্রিদি নিজেকে এখন পুরোপুরি সুস্থ বলেও দাবি করেন। সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘ইনজুরিতে পড়ার পর প্রথম অনুশীলনে নামলাম এবং আমি খুব ভালবোধ করছি। আমি এখন প্রায় সম্পূর্ণ ফিট এবং দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। পুনরায় পাকিস্তানকে শিরোপা এনে দিতে আমি নিজকে উজাড় করে দেব।’ আগামী ২১ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালের বিশ্বকাপে শিরোপা জয় করেছিল পাকিস্তান। সে আসরে সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন আফ্রিদি। আর বিশ্বকাপের প্রথম আসরে নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। -বাসস