নারীর প্রতি সহিংসতা দূর করতে বিচার সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:০১
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নারীর প্রতি সংঘটিত অপরাধের তদন্ত থেকে শুরু করে রায় দেয়া পর্যন্ত সমগ্র বিচার প্রক্রিয়ায় অনেক সংস্থা ও ব্যক্তি সংশ্লিষ্ট। দায়িত্ব পালনে তাদের দক্ষতা ও আন্তরিকতার ঘাটতি থাকলে নারীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তিনি বলেন, নারীর প্রতি অপরাধের বিচার প্রক্রিয়ায় জড়িত সকলে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে নারী সমাজের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হবে। গতকাল রবিবার ঢাকার রূপসী বাংলা হোটেলে ইউএনডিপি’র জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের সহযোগিতায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কনফারেন্স’২০১৪-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, নারীর প্রতি সহিংসতা দূর করতে বিচার সংশ্লিষ্ট সকলের আন্তরিক ভূমিকা পালন করতে হবে। অধিবেশনে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক বক্তব্য রাখেন।