দনিয়া ও কাজলা বাসস্ট্যান্ডে ফুটওভারব্রিজ নির্মাণের আবেদন

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:১৫
মেয়র হানিফ ফ্লাইওভারের পূর্বমাথার দুই দিকে দনিয়া ও কাজলা এলাকায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, এ কে হাই স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, আদর্শ উচ্চ বিদ্যালয়, ব্রাইট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ডেমরা ল’ কলেজ, অগ্রদূত বিদ্যানিকেতন, কুতুবখালী উচ্চ বিদ্যালয়, কুতুবখালী দাগুখান বিদ্যালয় ও শাহী মডেল স্কুলসহ ৩৫/৪০টি কিন্ডারগার্টেন স্কুল, মসজিদ, মাদ্রাসা রয়েছে। প্রতিদিন এইসব শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০/৪৫ হাজার ছাত্রছাত্রীসহ লক্ষাধিক লোক এ সড়ক দিয়ে যাতায়াত করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি খুবই জনবহুল। ফ্লাইওভার নির্মাণ হওয়ায় সড়কের প্রশস্ততা ও ব্যস্ততা বহুগুণে বেড়ে গিয়েছে। ফলে রাস্তা পারাপার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাত্র কয়েক দিন আগে রাস্তা পার হতে গিয়ে সপরিবারে প্রাণ দিতে হয়েছে শাহী মডেল স্কুলের একজন শিক্ষিকাকে। তাছাড়া গত কয়েক মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসহ বেশ কয়েকজন পথচারী। এ অবস্থায়, পথচারীদের নির্বিঘ্নে রাস্তা পারাপার নিশ্চিত করতে মেয়র হানিফ ফ্লাইওভারের পূর্বপ্রান্তে দনিয়া ও কাজলা বিশ্বরোড বাসস্ট্যান্ডের পাশে জরুরিভিত্তিতে একটি ফুটওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। ড. মো. শাহ্ আলম শাহী, সভাপতি, ইঞ্জিনিয়ার মো. আহ্সান উল্লাহ, সাধারণ সম্পাদক, উত্তর দনিয়া সমাজ কল্যাণ সমিতি, দনিয়া, ডেমরা, ঢাকা ১২৩৬