সরকারি ছুটিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:১৬
ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি থাকায় আজ সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এছাড়া গতকাল রবিবারও একই কারণে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল বন্ধ। এ খবর নিশ্চিত করেছেন স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ড. মল্লিক আনোয়ার হোসেন। এর ফলে পচনশীল পণ্যসহ অন্যান্য পণ্য নিয়ে সীমান্তের দুই পাশে আটকা পড়েছে কয়েকশ ট্রাক। ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, রবিবার সনাতন ধর্মাবলম্বীদের হোলি উত্সব উপলক্ষে ভারতে সরকারি ছুটি ছিল। পরদিন সোমবার বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিনের সরকারি ছুটি থাকায় মোট ২ দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবার ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু থাকবে। পেট্রাপোল বন্দরে শিল্প-কারখানার কাঁচামাল ও পচনশীল বিভিন্ন পণ্য নিয়ে কয়েকশ ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।