সাবেক প্রতিমন্ত্রী মান্নানের অবৈধ সম্পদ সংক্রান্ত রিপোর্ট দুদকে জমা

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:২১
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সম্পদের বিবরণীতে অসঙ্গতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গতকাল রবিবার কমিশনে প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন। অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন জমা দিয়ে স্ত্রীসহ তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস জারির সুপারিশ করেছেন। অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে তার সাকুল্যে ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। গত পাঁচ বছরে সেটা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে তার বার্ষিক আয় ছিল তিন লাখ ৮৫ হাজার টাকা। সেই আয় বেড়ে দাঁড়িয়েছে বছরে ৩ কোটি ২৮ লাখ টাকায়। পাঁচ বছরের মন্ত্রিত্বকালে তার সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে। এ ঘটনায় তাকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদশেষে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সত্য আপন মহিমায় উদ্ভাসিত হবেই হবে, সত্যের মত শক্তিশালী পৃথিবীতে আর কিছু নাই। তাই তিনি দোষী কি নির্দোষ তা জনগণই বিচার করবে।