কর্মীদের রাহুল জনমত জরিপের গুরুত্ব নেই

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:২২
বিক্ষিপ্তভাবে একটা বা দুটো নয়, লোকসভা ভোটের কয়েক মাস আগে থেকে প্রায় সবক’টি জনমত সমীক্ষাই জানাচ্ছে, কংগ্রেসের এবার ভরাডুবির আশঙ্কা প্রবল। অভূতপূর্ব ফল করবে বিজেপি তথা এনডিএ। এই সব সমীক্ষা যখন কংগ্রেসের নিচুতলায় আতঙ্কের সৃষ্টি করেছে, তখনই গতকাল রবিবার দলকে অভয় দেওয়ার চেষ্টা করলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। এদিকে গতকাল পিটিআই’র সঙ্গে এক সাক্ষাতকারে রাহুল বলেন, ২০০২ সালের গুজরাট দাঙ্গার দায় মোদী কোনোভাবেই এড়াতে পারেন না। কারণ ওই সময় তিনি রাজ্য সরকারের প্রধানের দায়িত্বে ছিলেন। খবর আনন্দবাজার ও এনডিটিভি’র। রাহুল বলেন, কংগ্রেস একশোটি আসন পাবে বলে যে সব জনমত জরিপে দাবি করা হচ্ছে তা তামাশা মাত্র। আসলে ভোটের আগে কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই সব জনমত জরিপে দেখানো হচ্ছে। তাই এতে কোনও রকম গুরুত্ব না দিয়ে আপনাদের আরও আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। এদিকে লোকসভা নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এবার গুগল হ্যাংআউটের মাধ্যমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলবেন রাহুল। সেখানে ভোটারদের প্রশ্নের সরাসরি জবাবও দেবেন তিনি। তার আগে গতকাল এই সোশ্যাল ওয়েবসাইটটিকে ব্যবহার করে পরীক্ষামূলক ভাবে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। কর্মীদের সঙ্গে রাহুলের এই আলাপচারিতার গোড়াতেই অসমের এক যুব কংগ্রেস নেতা রাহুলকে বলেন, সমপ্রতি সব জনমত সমীক্ষা দেখাচ্ছে যে, লোকসভা ভোটে কংগ্রেস একশোটির বেশি আসন পাবে না। নরেন্দ্র মোদীই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই অবস্থায় আপনার কৌশল কী? জবাবে নির্বাচনে প্রচারের প্রধান রাহুল বলেন, ২০০৪ সালেও প্রতিটি জনমত সমীক্ষা জানিয়েছিল যে কংগ্রেস অত্যন্ত খারাপ ফল করবে। কিন্তু সেই সব সমীক্ষার ফলকে ভেস্তে দিয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। একইভাবে গত লোকসভা ভোটেও সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে আগের থেকে প্রায় দ্বিগুণ আসন পেয়েছিল কংগ্রেস। তাই ভোটে যাওয়ার আগে কোনও আগাম জল্পনা নিয়ে মাতামাতির প্রয়োজন নেই। একই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনমত সমীক্ষা কোনও আইন নয় যে তা মানতেই হবে। কেন্দ্রে সরকার কাজ করেছে। দুর্নীতি দমনে পদক্ষেপ করেছে। সামাজিক পরিবর্তনের জন্য কর্মসূিচ রূপায়ণ করেছে। এরপর কংগ্রেসের ভরাডুবির প্রশ্ন নেই।