ভোটার উপস্থিতি বেড়েছে

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:২৮
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফলে চেয়ারম্যানের পর পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে আছে বিএনপি। ৮১টি উপজেলার মধ্যে ফলাফল ঘোষিত ৭৮টির মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ পেয়েছে ২৭টি, বিএনপি ১৯, জামায়াত ২২টি এবং অন্যরা পেয়েছে ১০টি। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি পেয়েছে ৩৯টি, আওয়ামী লীগ ২৭, জামায়াত ৫ ও অন্যান্য ৭টি। আর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৪০টি, বিএনপি ২৮, জামায়াত ইসলামী ৭টি ও অন্যরা পেয়েছে ৩টি। এদিকে চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে এসে ভোটার উপস্থিতি বেড়েছে। এই ধাপে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। এ নিয়ে তিন ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মোট ২৯১ উপজেলায় আওয়ামী লীগ ১২১টি চেয়ারম্যান পদে জয়লাভ করেছে। যদিও গতবারের তুলনায় কাঙ্ক্ষিত ফলাফল পায়নি দলটি। বিএনপি পেয়েছে ১২৪টি চেয়ারম্যানের পদ। জামায়াতে ইসলামী ২৭টি চেয়ারম্যান পদ পেয়েছে। অন্যরা পেয়েছে ১৯টি। গতবারের তুলনায় বিএনপি-জামায়াত ভালো ফলাফল করেছে। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান ইত্তেফাককে জানান, গত শনিবার তৃতীয় ধাপে ভোট হয়েছে দেশের ৪১টি জেলার ৮১ উপজেলায়। এরমধ্যে ময়মনসিংহের মুক্তাগাছা, বরিশালের হিজলা ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ফল স্থগিত রয়েছে। নির্বাচনে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। মোট ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ২৪২ ভোটারের মধ্যে ৮৩ লাখ ২৪ হাজার ৮১২ জন ভোট দিয়েছেন। এর আগে প্রথম ধাপে ৯৭ উপজেলায় ৬২ দশমিক ৪৪ শতাংশ ও দ্বিতীয় ধাপে ১১৫ উপজেলায় ৬৩ দশমিক ৩১ শতাংশ ভোট পড়ে। ২০০৯ সালে অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭৫টি উপজেলায় মোট ভোটারের ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট দিয়েছিল। ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপে রাজশাহীর দুর্গাপুরে সর্বোচ্চ ৮৪ দশমিক ৫০ শতাংশ ভোট পড়ে। আর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সর্বনিম্ন ৪৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়ে। এবার সহিংসতায় ৩জন নিহত হয়েছেন। এছাড়া আগের দুই ধাপের চেয়ে সহিংসতা ও গোলযোগও এবার বেশি হয়েছে। এদিকে এবার ভোট বাতিল হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৮৫৫টি। ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি স্থানীয় নির্বাচনে বেশি থাকলেও ভোট বাতিল বাড়ছে অসচেনতার কারণে। ব্যালটে বেশি প্রতীক থাকায় ও ভাঁজ যথাযথ না করায় এ ত্রুটি হচ্ছে। এর আগে প্রথম ধাপের নির্বাচনে বাতিল হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৩৮৩ ভোট। দ্বিতীয় ধাপের নির্বাচনে বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হয়েছে পাঁচ লাখ ৬২ হাজার ৯৫৫টি ভোট। ২৩ ও ৩১ মার্চ সাধারণ ছুটি চতুর্থ ও পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা এলাকায় আগামী ২৩ ও ৩১ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। চতুর্থ পর্যায়ে ৯২টি উপজেলা এবং ধামরাই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ রবিবার। আর পঞ্চম পর্যায়ে ৭৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ সোমবার। ৪৮৭ উপজেলার বাকিগুলোতে এইচএসসি পরীক্ষার পর ৩ মে ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির। প্রসঙ্গত, উপজেলা নির্বাচনে এবার ছয় ধাপে ভোট গ্রহণ করা হচ্ছে।