মাদক ব্যবসায়ীকে আটক

পঞ্চগড়ে বিজিবির তিন সদস্যকে মারপিট অস্ত্র কেড়ে নিয়ে ভাংচুর

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:২৮
মাদক ব্যবসায়ীকে আটক করার ঘটনায় জেলা সদরের গড়িনাবাড়ি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের মারপিট করে তাদের অস্ত্র কেড়ে নিয়ে ভাংচুর করেছে স্থানীয় মাদক চক্রের ব্যবসায়ীরা। আহত তিন বিজিবি সদস্যকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় চোরাকারবারি দরদরিয়া পাড়া গ্রামের আমিরুল ইসলাম ও তার দুই সহযোগী মোটরসাইকেল নিয়ে সীমান্ত পিলারের পাশ দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা একজনকে আটক করে। বাকি দুইজন পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী দুই গ্রামের বেশকয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্ত পিলার সংলগ্ন দরদরিয়া পাড়া গ্রামে বিজিবির ওই সদস্যদের ঘেরাও করে। এ সময় তারা মিস্ত্রিপাড়া বিজিবি ক্যাম্পের জেসিও নায়েব সুবেদার নূরুল ইসলাম, সিপাহী কাওছার আলী ও সিপাহী সুমন কুমারকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। তাদের চিত্কারে আশপাশের লোকজন বের হয়ে আসলে ওই মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির ওই তিন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার বিজিবি সদস্য কাওছার আলী বাদী হয়ে আমিরুল ইসলামকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে পঞ্চগড় থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ১৮/২০ জনকে আসামী করা হয়। পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ খবর নিশ্চিত করেছেন।