অ্যাটলেটিকোর জয়ে চাপে রিয়াল, বার্সা

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:৪০
ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথমার্ধের গোলে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে মালাগাকে হারালেও একই ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদের জয় স্প্যানিশ লিগকে এখনো জমিয়ে রাখলো। যদিও এস্পিওনেলের বিরুদ্ধে গত শনিবার রাতের খেলাটিতে অ্যাটলেটিকোর জয়ে চাপ বাড়লো বার্সেলোনার। কেননা রিয়ালের সাথে সাত ও অ্যাটলেটিকোর চাইতে চার পয়েন্টে পিছিয়ে পড়লো বর্তমান চ্যাম্পিয়নরা। তাই লা-লিগার শিরোপা ধরে রাখতে হলে গতকাল রবিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে খেলাটিতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। মালাগার মাঠে পর্তুগিজ উইঙ্গার রোনালদোর গোলটি হলো লিগের ২৫তম। অপরদিকে কোচ কার্লো অ্যানচেলোত্তির দল এ নিয়ে টানা ১৮ খেলায় অপরাজিত থাকলো। রিয়াল আগামী সপ্তাহে আরেকটি এল ক্লাসিকোর আগে এ জয়ে চাঙ্গা থাকলো। এদিকে চলতি মৌসুমে বার্সেলোনা ও রিয়ালের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা অ্যাটলেটিকো এই রাতে নিজেদের মাঠে দিয়াগো কোস্তার একমাত্র গোলে জয় পায়।