গল্প নয় সত্যি

ভুলের মিছিল

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:৩০
কখনো সখনো কাউকে বিপদে ফেলে দিতে যেখানে সামান্য একটি ভুলই যথেষ্ট, সেখানে একের পর এক ভুলের মিছিলে রীতিমতো অন্যরকম এক নাটকই মঞ্চস্থ হয়ে গেল নিউইয়র্কের দু’টি স্কুলে। এই ভুলের মাশুল হিসেবে শেষতক বড় কোনো ক্ষতি না হলেও বেশ কিছুটা সময়জুড়ে এক বাবা-মা’কে ভুগতে হয়েছিল সন্তান হারানোর আশঙ্কায়। আর এ সবই হয় স্থানীয় আপস্টেট স্কুলের এক শিক্ষার্থী ভুলে স্কেনেকটাডি সিটি নামের অন্য একটি স্কুলে ক্লাস করতে চলে যাবার কারণে। ঘটনার বিবরণে জানা যায়, শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি রকমের সচেতন নিউইয়র্কের এই স্কুলগুলোতে এ ধরনের ঘটনা ঘটে না বললেই চলে। তবে আলোচিত এই ঘটনাটির দিন, ‘স্কেনেকটাডি সিটি স্কুল’-এর নিয়মিত বাস চালকের পরিবর্তে অন্য আরেকজন চালক শিশুদের স্কুলে আনা নেওয়ার দায়িত্ব পালন করতে আসা থেকেই ভুলের শুরু। স্কুলের নতুন শিক্ষার্থী ভেবে কোনো ধরনের প্রশ্ন না করেই ঘটনার কেন্দ্রে থাকা পাঁচ বছর বয়সী শিশুটিকে বাসে তুলে নেয় সে। এদিকে ‘স্কেনেকটাডি সিটি স্কুল’-এ সেদিনই নতুন এক শিক্ষার্থীর ফার্স্ট গ্রেডে ক্লাস শুরু করার কথা ছিল বলে বাস থেকে অপরিচিত একটি শিশুকে স্কুলে ঢুকতে দেখে তারা কোনো ধরনের সন্দেহ করেননি। এমনকি শিশুটিকে যখন জিজ্ঞাসা করা হয় যে, সে ফার্স্ট গ্রেডের নতুন শিক্ষার্থী কি না তখন সে তার দিক থেকেও সঠিক বলে হ্যাঁ উত্তরটিই দেয়। তার ওপর স্কেনেকটাডি’তে যে শিশুটির সেদিন নতুন শিক্ষার্থী হিসেবে যোগ দেওয়ার কথা ছিল সেও না আসায় সারাদিন নতুন শিক্ষার্থী হিসেবেই ক্লাস করতে থাকে বাস ভুল করে ভুল স্কুলে চলে আসা শিশুটি। তবে বিকেলে ‘আপস্টেট স্কুল’-এর গাড়ি থেকে নিজের মেয়েকে নামতে না দেখে অভিভাবকেরা যখন স্কুলে ফোন করেন তখনই উন্মোচিত হয় আসল ঘটনা। সারাদিন ধরে যারা ভাবছিলেন যে মেয়েটি আজ এমনিতেই ক্লাসে আসেনি তারাও তখন তাকে খুঁজে পেতে তত্পর হন। আর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি ও পুলিশের সহায়তা নেওয়ার পরই ভিন্ন একটি স্কুল থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।