মুক্তিযুদ্ধকে সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:৩৩
‘বিদেশে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা বাঙালি প্রজন্ম মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরেই বিকশিত হতে চায়। তেমনি বিদেশের মানুষকে জানাতেও চায় রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাওয়া বাংলাদেশের জন্মকথা’, বলছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চিত্রপরিচালক মনসুর আলী। লিখেছেন আসিফুর রহমান সাগর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র বলেই এই স্বাধীনতার মাসে বাংলাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। আগামী ২৮ মার্চ থেকে সারাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে চলচ্চিত্রটি। আর আগামী জুন মাসে ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে লন্ডনে। মনসুর আলী বললেন, ‘চলচ্চিত্র সাধারণ মানুষের কাছে খুব সহজে ইতিহাস বর্ণনা করতে পারে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যত চলচ্চিত্র আমরা দেখি তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের লড়াই দেখতে পাই। কিন্তু সে যুদ্ধে ভারতীয় সৈন্যদেরও অবদান ছিল। সে ইতিহাস আমরা পাই না। যারা পড়াশোনা করেন তারা জানতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কাছে সেই ইতিহাস পৌঁছায় না। আমি মুক্তিযুদ্ধকে ইংল্যান্ড ও হলিউডের দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। সেজন্যই আমার এ চলচ্চিত্রে ভারতের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরকে নিয়েছি। হলিউডের ‘ট্রিপল এক্স’ চলচ্চিত্রটি জনপ্রিয় ইতালিয়ান নায়িকা আজিয়া আরজেনটো এবং বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুহি ও শক্তিমান অভিনেতা আরমান পারভেজ মুরাদকে নিয়েছি। যাতে বাংলাদেশের দর্শকদের কাছেই শুধু নয়, ভারত ও হলিউডের দর্শকদের কাছে পৌঁছাতে পারি।’ মনসুর আলী বললেন, ‘আমরা ব্রিটিশ সংস্কৃতিতে বেড়ে উঠেছি। বর্তমান প্রজন্মের সবাই খুব ভালো করে বাংলা বলতে পারে না। আমার মা-বাবা দুজনের বাড়ি সিলেট। আমার বাবা ১৯৫৩ সালে লন্ডনে পাড়ি জমান। জন্ম থেকে শুনেছি যে আমরা বাংলাদেশি। কয়েকবার দেশেও এসেছি কিন্তু এতে তো দেশটাকে চেনা হয় না। মা-বাবার কথা শুনে, বই পড়ে দেশকে জানার চেষ্টা করি। যেখানে আমরাই ভালো করে জানি না সেখানে বিদেশের মানুষরা কীভাবে জানবে আমাদের কথা। সেই দেশের মানুষকে বাংলাদেশের যে গৌরবময় ইতিহাস আছে তা জানানোর খুব একটা উদ্যোগও চোখে পড়ে না। সেজন্যই আমার চলচ্চিত্রের বিষয় হিসেবে মুক্তিযুদ্ধকে বেছে নেওয়া। সেইসঙ্গে সবচেয়ে বেশি নজর দিয়েছি আমার চলচ্চিত্রের ভাষা, চিত্রায়ণ যেন পাশ্চাত্যের ভাষায় হয়। যা সে দেশের মানুষের সামনে বাংলার এই রক্তক্ষয়ী সংগ্রামের কথা তুলে ধরবে এবং যা তারা বুঝতে পারবে।’ বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত এক নাম হলেও মনসুর আলী ইংল্যান্ডে কিন্তু এরই মধ্যে নিজের একটি স্বতন্ত্র অবস্থান করে নিয়েছেন। ২০১৪ সালে ব্রিটেনের ‘হাউস অব পার্লামেন্ট’, ‘পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ হিসেবে ১০০ জন তরুণ ব্যক্তিত্বের মধ্যে মনসুর আলীকেও নির্বাচন করেছেন। মনসুর আলী গত ৭ বছর ধরে সারাবিশ্বে নির্মিত শর্টফিল্মের ওপরে শ্রেষ্ঠ শর্টফিল্মকে ‘লাইমলাইট ফিল্ম অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়ে আসছেন। পুরস্কার হিসেবে দিচ্ছেন ১০ হাজার পাউন্ড। এ ধরনের উদ্যোগের জন্য ব্রিটিশরাজ পরিবারের প্রিন্স চার্লস মনসুর আলীর সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানিয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর সংগ্রাম’-এর চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন মনসুর আলী। এটি তার প্রথম চলচ্চিত্র হলেও তার প্রস্তুতি কিন্তু বিশাল। পড়াশোনা করেছেন চলচ্চিত্রের ওপরে। ছোটবেলা থেকেই বিদেশের স্কুলে পড়াশোনার পাশাপাশি আরবি শিখেছেন, বাংলা শিখেছেন। তিনি নির্মাণ করেছেন ‘মাইল এন্ড টু মক্কা’ ডকুমেন্টারি ফিল্ম; ‘চয়েসেস’, ‘লাস্ট নাইট’-এর মতো স্বনামধন্য শর্ট ফিল্ম। এসবের পাশাপাশি ভারতীয় ও হলিউডের সিনেমার টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন নিয়মিত। এ ছাড়া এসব চলচ্চিত্র ও স্টারদের শোয়ের প্রমোশনের কাজও করছেন নিয়মিত। যেমন বলিউডের ‘তেজ’ সিনেমার টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে তার প্রতিষ্ঠান...। এ ছাড়া ইয়াশরাজ ফিল্মসের ‘দিল বোলে হারিপ্পা’-এর প্রচারণা, ‘শাহরুখ ও অ্যাকন’ লন্ডনে আয়োজিত কনসার্টের প্রচারণার কাজ করেছেন। এর পাশাপাশি লন্ডনের জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও নির্মাণ করছেন নিয়মিতভাবেই।