সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র হলে বনের কাছাকাছি অভয়ারণ্যের অপরিমেয় ঝুঁকির কথা উল্লেখ করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেস্ট কোনজে। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি না যে, দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের জন্য রামপাল বিদ্যুত্ কেন্দ্র যে ১৩২০ মেগাওয়াট বিদ্যুত্ দেবে, যার ইতিবাচক ফলাফল এ প্রকল্পের পরিবেশ ঝুঁকির চেয়ে বেশি হবে।
তিনি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশের সর্ববৃহত্ এ প্রাকৃতিক সম্পদকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের জন্য অন্য এলাকা বাছাইয়ের সময় শেষ হয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
রবিবার বিকালে নগরীর খালিশপুর গোয়ালপাড়াস্থ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জার্মান রাষ্ট্রদূত বলেন, মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশ বিদ্যুত্ শক্তি উত্পাদনে অসামান্য সাফল্য অর্জন করেছে। তবে পাবনার কাছে নিউক্লিয়ার বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্তেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, কেএফ ডাব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঢাকা অফিসের পরিচালক (স্পেশাল প্রোগ্রামস) মিস লিসা স্টেইনেচার ও পাওয়ার গ্রীড কোম্পানি লিমিটেডের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (ও এন্ড এম) তপন কুমার রায় উপস্থিত ছিলেন।
