আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তার দেশে এ বছরের পর আর মার্কিন সৈন্য থাকার প্রয়োজন নেই। তিনি বলেন, আমাদের সৈন্যরা এখন দেশের নিরাপত্তা রক্ষা করতে পারবে। আমি মনে করি, তারা ইতিমধ্যে এখানকার শতকরা ৯৩ ভাগ এলাকারই নিরাপত্তা রক্ষা করতে পেরেছে। তাই বছর শেষের পর এখানে আর তাদের থাকার প্রয়োজন নেই। শনিবার সংসদে বিদায়ী প্রেসিডেন্ট হিসাবে তার শেষ ভাষণে তিনি এ কথা বলেন। —খবর ডন অনলাইনের।
কারজাই বলেন, আফগানিস্তানের নিরাপত্তা রক্ষায় দেশটির সেনাবাহিনী এখন প্রস্তুত। এ পরিপেক্ষিতে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করা নিয়ে তিনি আবারো কঠিন ভাষায় বলেন, কোন অবস্থাতেই তিনি তাদের সঙ্গে এ চুক্তি করবেন না। যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা চুক্তির খসড়া তৈরি করেছে, তাতে বলা হয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী সব সেনা প্রত্যাহার করবে না ওয়াশিংটন। এছাড়া, যেসব সেনা সেখানে থেকে যাবে তারা খুন ও ধর্ষণের মতো অপরাধ করলেও আফগানিস্তানে তাদের বিচার করা যাবে না। আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই চুক্তিটি পাস করিয়ে নেয়ার জন্য তার ওপর বেশ চাপ রয়েছে। কেননা পর পর দুইবার প্রেসিডেন্ট হওয়ায় এরপর তিনি আর নির্বাচন করতে পারবেন না। এ কারণে যুক্তরাষ্ট্র চাচ্ছে চুক্তিটি পাস করিয়ে নিতে। তবে তিনি চুক্তির বিরোধিতা করলেও আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে সব প্রার্থী ওই চুক্তি সই করবেন বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন।
