ভারতের রাজধানী দিল্লিতে ২০১২ সালে ২৩ বছরের একজন মেডিক্যাল শিক্ষার্থীকে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত চারজনের দু’জনের মৃত্যুদণ্ড স্থগিত করেছে ভারতের সুপ্রিমকোর্ট। মৃত্যুদণ্ড স্থগিত হওয়া দুই ব্যক্তি হলেন মুকেশ সিং এবং পবন গুপ্ত। গত বছরের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। অন্য দু’জনও সুপ্রিমকোর্টে আপিল করার প্রত্যাশা করছে।
দিল্লির ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীকে তার এক বন্ধুকে নিয়ে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে চালক এবং তার সহযোগীরা গণধর্ষণ করে। মেয়েটির বন্ধু এতে বাধা দিলে ধর্ষকরা তাকেও বেধড়ক পেটায়। ঘটনার ১৩ দিন পর মেয়েটি মারা যায়। ঘটনায় জড়িত থাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
