অবশেষে ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন আবদুস সালামত হোসেন (৫৫)। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গত শুক্রবার তার অগ্নিদগ্ধ স্ত্রী লাভলী আক্তার মারা যান। গত ৮ মার্চ সকালে আজিমপুর স্টাফ কোয়ার্টারের ৪৬ নম্বর ভবনের তৃতীয় তলায় রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় লাভলী আক্তার অগ্নিদগ্ধ হন। এ সময় তাকে বাঁচাতে আসলে তার স্বামী সালামতও অগ্নিদগ্ধ হন। সালামত হোসেন পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।
গতকাল সকালে চিকিত্সকরা সালামতকে মৃত ঘোষণা করার পর তার দুই সন্তান কান্নায় ভেঙ্গে পড়ে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে বিলাপ করছিল সালামত-লাভলী দম্পতির দুই সন্তান লিমা ও নাহিন।
তারা জানায়, ৮ মার্চ তার বাবার অফিসের পিকনিক ছিল গাজীপুরে। ভোর ৬ টায় গোসল করার জন্য পানি গরম দেয়ার জন্য তাদের মা চুলা জ্বালানোর সময় অগ্নিদগ্ধ হন। এসময় মায়ের চিত্কার শুনে তাদের বাবা রান্না ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরেন। কিন্তু এতে তাদের বাবাও অগ্নিদগ্ধ হন। লাভলীর ভাবি মুন্নী বেগম বলেন, এর আগেও ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের চুলার বিস্ফোরণ ঘটে একজন মারা যায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন মেরামতে কোনো উদ্যোগ নেয়নি।
