সনির একমাত্র গোলে শেখ জামাল ১-০ ব্যবধানে হারালো শেখ রাসেল ক্রীড়া চক্রকে। নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেলের বিরুদ্ধে গোল করার পাশাপাশি লালকার্ডও পেয়েছেন তিনি।
শেখ জামাল লিগে তিন ম্যাচ ড্র করার পর জয়ের মুখ দেখলো। আর শেখ রাসেল লিগে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ল। কলকাতার আইএফএ শিল্ডে খেলতে যাওয়ার কারণে শেখ জামাল ক্লাবের তিনটি ম্যাচ বাকি রয়ে গিয়েছিল। সেই তিনটির দ্বিতীয়টি কাল শেষ হলো। কলকাতায় যাওয়ার আগে মোহামেডানের সাথে ড্র করেছিল শেখ জামাল।
ঢাকায় ফিরে প্রথমে বিজেএমসি ও পরে আবাহনীর সাথে ড্র করে শিরোপা প্রত্যাশী দলটি পয়েন্ট টেবিলে খারাপ অবস্থানে চলে গিয়েছিল। কাল শেখ রাসেলকে হারিয়ে পয়েন্ট টেবিলে শেখ জামাল আট খেলায় ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনীর একধাপ নিচে। আর শেখ রাসেল নয় খেলায় ১২ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করল।
গতকাল শেখ জামাল ৮৯ মিনিটে গোলটি করে। একাধিক সুযোগ নষ্টের পর সনি শেখ রাসেলের দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন সনি ১-০। গোলটা করেই তিনি উল্লাসে দৌড়ে যান গ্যালারির দিকে। জার্সি খুলে উল্লাস করেন। রেফারি জসিম উদ্দিন তাকে দ্বিতীয় হলুদ কার্ডের অপরাধে লালকার্ড দেন।
এই গোলটির আগে শেখ জামালের বক্সে দিদারুলের হাতে বল লাগার অপরাধে পেনাল্টি দাবি করে শেখ রাসেল। সেটা এড়িয়ে যান রেফারি। আইনসম্মত না হওয়া খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেছেন, ‘যদি হ্যান্ডবল হয়ে থাকে পেনাল্টি দেয়া উচিত ছিল।’ গোল হজমের জন্য দোষ দিয়েছেন তার খেলোয়াড়দের,‘ মনঃসংযোগ না থাকায় গোল খেয়েছে।’ শেখ জামালের কোচ যোসেফ আফুসি তিন পয়েন্ট পাওয়ায় খুশি। তবে দলের অধিনায়ক মামুনুল ইসলাম বললেন,‘মাঠে ঘাস কম। পুরনো বল। এভাবে খেলতে গেলে সমস্যা হয়।’
শেখ রাসেলের কোচ মারুফুল হক লিগ বন্ধ থাকায় ক্ষেপেছেন। তিনি কাল খেলা শেষে সংবাদ সম্মেলনে বলছিলেন, দেড় মাস ধরে খেলা বন্ধ। এটা ফুটবল লিগ নয়। এটা যেন তামাসার লিগ।’
